তাপবিদ্যুৎ কেন্দ্রে তার চুরির চেষ্টা ব্যর্থ করলো আনসার

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরির চেষ্টা ব্যর্থ করে দিলো আনসার সদস্যরা। এ সময় চোর চক্রের ফেলে যাওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ২৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে দায়িত্ব পালনকালে সিপাহি মো. সোহাগ হোসেন ভেতরে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারসহ মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। সোহাগ হোসেন তাদের প্রতিহত করলে চোর চক্রটি তারের কুণ্ডলিগুলো ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়।

কক্সবাজার আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম জানান, ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং টহল বাড়ানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন