কক্সবাজারের উখিয়ায় সীমান্ত থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী তিন চোরাকারবারি পালিয়ে যায়।
সোমবার (২৪ আগস্ট) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, রোববার দিবাগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয়। রাত সোয়া ১টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের থামাতে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৪০ কাট বা চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সরকারি সম্মানির তালিকায় কারচুপি, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি
নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার