জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, অবশেষে ধরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে মাছ ধরার জেলের ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের বহন করা মাছের ঝুড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) ও একই এলাকার মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নিয়মিত টহলের সময় জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় মাছের ঝুড়ি হাতে দুই যুবককে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখে সন্দেহ করে। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

আটকের পর তাদের সঙ্গে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চারটি কার্টন পাওয়া যায়। কার্টনগুলো খুলে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন