চট্টগ্রাম উপকূলে পাঁচ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

চট্টগ্রামের ফৌজদারহাট ও হালিশহর উপকূলীয় এলাকায় পাঁচ দিন ধরে বিমানবিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবে বাংলাদেশ সেনাবাহিনী। এ কারণে নির্ধারিত বিপজ্জনক এলাকা এড়িয়ে নৌযান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএর নৌ-পথ শাখা থেকে প্রকাশিত নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব আর্মি এয়ার ডিফেন্সের পরিচালনায় ওবিসি (এডি)-৪০-এর প্রশিক্ষণার্থীরা আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফৌজদারহাট এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ নেবেন। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই ফায়ারিং অনুশীলন।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, অনুশীলনের জন্য নির্ধারিত বিপজ্জনক এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানা এলাকা। সমুদ্রের আকাশ বরাবর এ এলাকার উত্তর ও দক্ষিণ সীমানা ১২ হাজার গজ বা ৬ দশমিক ৮ মাইল পর্যন্ত বিস্তৃত। বিপজ্জনক এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকবে।

ফায়ারিং অনুশীলন চলাকালে ওই নৌপথে চলাচলকারী সব নৌযানকে নির্ধারিত ফায়ারিং রেঞ্জ ও আশপাশের বিপজ্জনক এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের পাইলট নিয়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত ড্রাফট অনুযায়ী নৌযান পরিচালনার পাশাপাশি দক্ষ নাবিক বা ড্রাইভারের মাধ্যমে নৌযান চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা দেখা দিলে নৌযান নিরাপদ স্থানে ভিড়িয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় নৌযানে বাতি জ্বালানো, ফগ সিগন্যাল ও ঘণ্টা বাজানোর মতো প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত