গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত এক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মহিউদ্দিন মণ্ডল নামে এক চালক নিহত হয়েছেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মণ্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মহিউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়লে হাইওয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঘাতক বাসটিকে শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

DR/AHA
আরও পড়ুন