গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে হিট-এটিএফ উপ-প্রকল্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে উদ্ভাবন ও গুণগত রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে Gazipur Agricultural University (গাকৃবি)-তে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে সেমিনার কক্ষে “Higher Education Acceleration and Transformation (HEAT Project) প্রকল্পের আওতায় Academic Transformation Fund (ATF) উপ-প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (দ্বিতীয় রাউন্ড)” শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গাকৃবির শতাধিক পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক অংশগ্রহণ করেন। এর লক্ষ্য ছিল গবেষণার মানোন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং সুগঠিত ও প্রভাবশালী প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপান্তর ত্বরান্বিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফ্রাদ। সেশনটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান।

কী-নোট প্রেজেন্টেশন প্রদান করেন হিট প্রকল্পের রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট ও উইং ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল রশিদ। তার উপস্থাপনায় এটিএফ আবেদন প্রক্রিয়া, উপ-প্রকল্পের ধরন, প্রস্তাবনা উন্নয়ন কৌশল, রুব্রিকভিত্তিক মূল্যায়ন মানদণ্ড এবং কার্যকর প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভী গবেষণায় গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে শক্তিশালী প্রস্তাবনা লেখার দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, উদ্ভাবনী গবেষণা ও উচ্চমানের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই উচ্চশিক্ষায় টেকসই রূপান্তর সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এটিএফ সুযোগের কার্যকর ব্যবহার গাকৃবিকে গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে আরও এগিয়ে নেবে।

কর্মশালার শেষ পর্বে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষকরা মতামত তুলে ধরেন ও বিভিন্ন বিষয়ে স্পষ্টীকরণ চান।

AHA
আরও পড়ুন