শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম বড় জামাতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের দিন সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই বিশাল জামাতে আগত লাখো মুসল্লির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। তারা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া জামাতে আসার সময় কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো বস্তু বহন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময়ই সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখে। এবারের এই ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবেন।

বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ধর্মীয় উৎসব উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AHA
আরও পড়ুন