টাঙ্গাইলে কোরবানির বর্জ্য অপসারণে নেমে পড়লেন প্রতিমন্ত্রী টুকু

আপডেট : ২৯ মে ২০২৬, ০৭:৫১ পিএম

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-এর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পরপরই বেবিস্ট্যান্ড মাদরাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান সড়কগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ঝাড়ু ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বর্জ্য অপসারণে অংশ নেন।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনায় সকাল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই শহরের দৃশ্যমান বর্জ্য সরানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহর পরিচ্ছন্ন রাখা সম্মিলিত দায়িত্ব। পৌরসভার একার পক্ষে পুরো শহর দ্রুত পরিষ্কার করা কঠিন হলেও সবাই এগিয়ে এলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত