শ্রীপুরে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, আহত শিশু সন্তান

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাক শ্রমিক ও তার স্ত্রী নিহত হয়েছে। এসময় তাদের সাথে থাকা এক বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার দুই নাম্বার সিএন্ডবি বাজরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দর আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৪২) এবং তার স্ত্রী বিথী আক্তার (৩০)।

রাকিব হাসান দুই নাম্বার সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানায় প্রশাসনিক বিভাগে চাকরি করতো। গুরুতর আহত ওই দম্পতির শিশু বাচ্চাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার তাদের শিশু সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় দ্রুত গতির একটি পিক আপ তাদেরকে চাপা দিয়ে চলে গেলে একজন ঘটনাস্থলে নিহত হয় এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এসময় তাদের সাথে থাকা এক বছরের শিশু বাচ্চা গুরুতর আহত হয়।

নিহতের পরিবারের স্বজনদের সাথে আলোচনা করে লাশ ময়না তদন্ত হবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত