টাঙ্গাইলের বাসাইলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
হানিফ হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খান। তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
বাসাইল থানার পুলিশ জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন হানিফ। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, প্রাথমিকভাবে স্থানীয় বিরোধ কিংবা পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য হানিফের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়া, গরম মাড়ে ঝলসে গেলেন নারী
নিখোঁজের ৭ দিন পর রাকিবের মরদেহ উদ্ধার