বিএনপি নেতা হত্যা: ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও তার ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মোকারম হোসেন খোকা ও তাঁর ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে মোকারম এবং নেত্রকোনা থেকে রিয়াদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ। তিনি জানান, গ্রেপ্তারের পর দুজনকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

গ্রেপ্তার মোকারম হোসেন খোকা মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। তার ভাতিজা রিয়াদ হোসেন একই গ্রামের রান্নু মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে মোকারম আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনে প্রবেশের সময় হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। অভিযোগ অনুযায়ী, আগে থেকে ওঁত পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি চাপাতি, কিরিচ, কুড়াল ও রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলাল (২৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে দেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মোকারম হোসেন খোকার নাম উল্লেখ করেন। এরপর মোকারম আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

এ মামলায় এর আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন (৩২) এবং মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলমকে (২৭) গ্রেপ্তার করা হয়।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি মনোয়ার মোহাম্মদ বলেন, বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় অভিযান চালিয়ে মোকারম হোসেন খোকা ও তাঁর ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

এমইউ
আরও পড়ুন