নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী মনোয়ারা বেগম ও ১৬ বছর বয়সী ছেলে সোহাগকে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ওই বাড়ির ভাড়াটিয়া হারেজ ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) কুপিয়ে হত্যা করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এ ঘটনায় হারেজকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা-পুলিশ। নিহত মনোয়ারার মেয়ে বিথী (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) এ ঘটনায় অভিযোগ করেন। পরে ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান