মহেশপুরে মাদক-জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

‘চলো যাই যুদ্ধে, মাদক ও জুয়ার বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম ফারুক খাঁনের নেতৃত্বে ফতেপুর বাজারসহ ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রচার এবং মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়।

দেশব্যাপী মাদক ও জুয়ার বিস্তার রোধে সোচ্চার হয়ে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফতেপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকদ্রব্য সেবন ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম ফারুক খাঁন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো. কবীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল মিয়া, মহেশপুর উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. কামরুজ্জামান বাবুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

MCH/AHA
আরও পড়ুন