মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

 



আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের কোনো মালিককে শনাক্ত করা যায়নি।

সোমবার (২৯ জুন) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের সানোয়ারের পাটক্ষেতের দক্ষিণ পাশ থেকে হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. হাসান আলীর নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ৯৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এর আগে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের বাঁশঝাড়ের মধ্য থেকে হাবিলদার মো. নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন বিভিন্ন ধরনের ভারতীয় ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Attr
আরও পড়ুন