কালীগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: প্রেসক্লাবের নিন্দা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ ঘটনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।

এ সময় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্য সাংবাদিক নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় ওসির বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদের কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন দীপ্ত টিভির কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলী। অভিযোগ রয়েছে, উপজেলা কৃষকদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জালাল ও যুবদল নেতা শাহীন লষ্করসহ কয়েকজন নেতা-কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন।

স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের নেতারা।

MCH
আরও পড়ুন