সুন্দরবনে বনদস্যুর হাতে জিম্মি কাঁকড়া শিকারি, পরিবারের উদ্বেগ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যু 'আলিম (দয়াল) বাহিনী'র হাতে এক জেলে জিম্মি হয়েছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
 
জিম্মি হওয়া জেলের নাম রিপন গাজী (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত শফিকুল গাজীর ছেলে। ঘটনার পর থেকে ওই জেল পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
 
​পারিবারিক সূত্রে জানা গেছে, গত  (১৯ জুলাই) সন্ধ্যায় স্বজনরা খবর পায় সুন্দরবনের কুকুমারি খাল এলাকায় কাঁকড়া ধরার সময় ওত পেতে থাকা আলিম বাহিনীর সদস্যরা রিপন গাজীকে জিম্মি করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে রিপনের সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর শারীরিক নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন স্বজনরা।
​স্থানীয় বনজীবীরা জানান, সরকারি নিষেধাজ্ঞার কারণে বর্তমানে সুন্দরবনে প্রবেশ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে তীব্র জীবিকার সংকট ও পেটের তাগিদে কিছু জেলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বনে যান। বনদস্যু ও ডাকাত দলগুলো মূলত এই সুযোগটিই কাজে লাগায়। তারা অসহায় জেলেদের জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অপচেষ্টা চালায়। নতুন করে এই জিম্মির ঘটনায় স্থানীয় উপকূলীয় বনজীবীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
​এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, এ ধরনের কোনো ঘটনার খবর এখনো আমাদের কাছে আসেনি। তবে সুনির্দিষ্ট তথ্য বা লিখিত অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
MCH/YA
আরও পড়ুন