এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন তাকে গ্রেপ্তার করতে আর কোনো আইনি বাঁধা নেই।
রোববার (২৬ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন আরো বলেন, ‘স্বৈরাচারের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতিকে তো গ্রেপ্তার করা যায় না। আমরা বলতে চাই, সাহাবুদ্দিন পদত্যাগের পর তিনি কি আর রাষ্ট্রপতি আছেন?
তিনি বলেন, বাংলাদেশে এরশাদ যে স্বৈরশাসন কায়েম করেছিল, তখন ৯০ এর আন্দোলন ও অভ্যূত্থানের পরে ৬ দিনের মাথায় এরশাদকে গ্রেপ্তার করা হয়েছিল। এরশাদ রাষ্ট্রপতির পদে থেকে ৬ দিনের মাথায় যদি গ্রেপ্তার হতে পারে আর অতীতের নজির থাকা স্বত্ত্বেও এমন ধরনের কথা বলা মূর্খতার শামিল, উদ্বেগজনক ব্যাপার।
এনসিপির সদস্য সচিব আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশন নিয়ে দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। পরিস্হিতি যাই হোক এই বাংলাদেশের মানুষরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে যারা জনগণের পক্ষে আছে, তাদের পক্ষেই অবস্হান গ্রহণ করবে এবং সে কারনেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে।
আখতার হোসেন বলেন, সংবিধানের মধ্যে সমাধান নেই। যার কারনে আমাদের জনগনের কাছে যেতে হয়েছে। সংবিধানের চেয়ে বড় জনগণ। জনগণ যখন রায় দিয়েছে তখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, এনসিপি একটি অল্প সময়ের দল। মাত্র দেড় বছর দলের বয়স। এই অল্প সময়েই আমরা আপনাদের অনেক সমর্থন পেয়েছি। জুলাই আন্দোলন ২ হাজার ছেলে জীবন দিয়েছে। এখন সময় এসেছে, যাতে আর কোনো সরকার বাংলাদেশে না আসে, যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের ছেলেদের বুকে গুলি চালায়। এই জন্য আমাদের অনেক রাজনৈতিক সচেতন হওয়া দরকার। রাজনীতি নিয়ে কথা বলা দরকার। বাংলাদেশের রাজনৈতিক সরকার এসেছে ৬ মাস, কিন্তু তারা জনগনের আকাঙ্খা নিয়ে ভাবেনা।
উপজেলা এনসিপির উদ্যোগে ও চুয়াডাঙ্গা জেলার জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সভাপতিত্বে এ পথসভায় আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা.মাহমুদা মিতু এমপি, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক আহসান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান ও জাতীয় নাগরিক পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার খায়রুল বাসার বিপ্লব।
রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা