সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভারাশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টি লক্ষ্য করে এই হামলা চালায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তদের ছোঁড়া চারটি ককটেলের মধ্যে ২টি বিস্ফোরিত হয় এবং এতে ১ জন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাকি ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
হামলার বিষয়ে ভারাশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী জানান, গভীর রাতে দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহত ব্যক্তিসহ স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ২০২৪ সালে সরকার পতনের পর অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীদের অনেকেই গোপনে এলাকায় অবস্থান নিয়েছে। রাজনৈতিক পরিবেশ ঘোলাটে ও অস্থিতিশীল করতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে তারা দাবি করেন। রাজনৈতিক কার্যালয়ে এমন হিংসাত্মক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার সহ শাস্তির দাবি জানান।
এদিকে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং এসআই মতিনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ এলাকাটি কর্ডন করে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুলায় আগুন জ্বলার অপেক্ষায় শেরপুরের ৪ হাজার পরিবার
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার ঘটনায় মামলা
দেশের চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী