হাঁস নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ছেলে

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁস নিয়ে বিরোধে দু'পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায় , পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁস নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিবারের অভিযোগ, পাশের বাড়ির রমজান, তার স্ত্রী লামিয়া ও ছেলে লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও ছেলের বউকে মারধর করেন। এতে বেদার মল্লিক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন জানান, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমইউ
আরও পড়ুন