ঝিনাইদহে ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তিন যুবক আটক

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে মাদক সেবনের সময় ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলিসহ সহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ফয়সাল (৩৪), অন্তর (২১) ও আব্দুল হাই (৩২) নামে তিন যুবককে আটক করা হয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ছাত্রাবাস থেকে মাদক সেবনকালে ৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ফয়সালের কাছ থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই সময় অন্তর ও আব্দুল হাই নামে আরও দুজনকে  মাদকসেবনের দায়ে আটক করে ডিবি পুলিশ। আটক অন্তরের বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকেন। এছাড়া আটক অন্তর (২১) ঝিনাইদহ শহরের কালীকাপুর পাড়া ও আব্দুল হাই (৩২) শহরের মর্ডান মোড়সংলগ্ন মহিলা কলেজপাড়ার বাসিন্দা।

ওসি মনিরুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

MCH
আরও পড়ুন