ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

বাগেরহাটের মোংলায় র‍্যাব, সেনাবাহিনীর মেজর-কর্নেলসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের পৌর মার্কেটের বিপরীতে বনফুল মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোড এলাকার সাখাওয়াত ব্যাপারীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নিজেকে কখনো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো র‍্যাব সদস্য আবার কখনো সেনাবাহিনীর মেজর বা কর্নেল হিসেবে পরিচয় দিতেন পারভেজ। এভাবে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি।

একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুয়া বিয়ের নাটক সাজানো হয়। এরপর দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে পারভেজের বিরুদ্ধে। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে রাতযাপনও করেছেন।

পরে পারভেজের প্রতারণার বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছে প্রকাশ পায়। এরপর ভুক্তভোগীর মা নিলুফা বেগম বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলা দায়েরের পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় গিয়ে আত্মগোপন করেন। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়।

এরপর কাউখালী থানার এসআই মহিউদ্দিন, এএসআই খায়রুল হাসানসহ পুলিশের একটি দল মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে বনফুল মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের সহযোগিতায় পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার দুপুরের পর তাকে পিরোজপুরে নিয়ে রওনা হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশের দল।

ওসি আরও বলেন, ধর্ষণের মামলা ছাড়াও পারভেজের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। এসব অভিযোগসহ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমসিএইচ
আরও পড়ুন