সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ বর্তমানে সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত। এর আগে তিনি জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে ওই দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলেছেন, আটক দুই পুলিশ সদস্য প্রায় এক বছর ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি ও সেবন করতেন। মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাদের ওপর নজরদারি চালানোর পর সোমবার অভিযান পরিচালনা করা হয় বলে সূত্রটি জানায়।
তবে এসব অভিযোগের বিষয়ে আটক দুই পুলিশ সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান দুই পুলিশ সদস্যকে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একসঙ্গে জন্ম, একসঙ্গে পানিতে ডুবে মৃত্যু
হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড