অর্থ আত্মসাতের মামলা

খুলনায় ব্যবসায়ীসহ সাতজনের ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় এক ব্যবসায়ী ও সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইস্টার্ন ট্রেডসের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস, দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল অফিসার মো. সিরাজুল ইসলাম এবং সাবেক অফিসার অজিত কুমার সরকার।

সনজিৎ কুমার দাস ও মানিক চন্দ্র মণ্ডল বর্তমানে পলাতক রয়েছেন।

খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম সি এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত