বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল দুই শিশু। খেলা শেষে গরমের মধ্যে পুকুরে গোসল করতে নেমেছিল তারা। কিন্তু সেই আনন্দই রূপ নিল বিষাদে। পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই বন্ধুই।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১০টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানীপাকুড়িয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে নিখোঁজের ৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
নিহত দুই শিশু হলো- রায়ের বাকাই গ্রামের আব্দুল রফিকের ছেলে আল নাফি (১০) ও একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। তারা দুজনেই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় গ্রামের অন্য ছেলেদের মতো এই দুই শিশুও মেতে উঠেছিল। গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্য বন্ধুদের সঙ্গে দল বেঁধে ফুটবল খেলে তারা। খেলা শেষে শরীর ঠান্ডা করতে পাশেই একটি পুকুরে গোসল করতে নামে নাফি ও রিফাত। গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান জানান, ২ শিশু ফুটবল খেলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশু মৃত্যু দেখতে পেয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ময়মনসিংহে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত