বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের ঘটনার আসলাম হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মণ্ডলপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাড়িতে তাকে ধর্ষণ করেন আসলাম। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৯জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেছে।

এমইউ
আরও পড়ুন