সিরাজগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার, ৪ জনকে জরিমানা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসনের একাধিক টিম। রায়গঞ্জে নির্বাচনি আইন ভঙ্গ করায় চারজনকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতা নিশ্চিতে এমন কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা বিধি লঙ্ঘন রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে ভোট গ্রহণ কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

DR/AHA
আরও পড়ুন