বরেন্দ্র জাদুঘরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ঐতিহ্য সফর

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহীতে অবস্থিত দেশের প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত এই ঐতিহাসিক জাদুঘর পরিদর্শনকালে তিনি বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন পুঁথি, দুর্লভ সংগ্রহ এবং গ্রন্থাগারের মূল্যবান সম্পদ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূতকে জাদুঘরের বিভিন্ন সংগ্রহ, প্রত্নসম্পদের ঐতিহাসিক গুরুত্ব এবং সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তারা জাদুঘরের দীর্ঘদিনের গবেষণা কার্যক্রম এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে এর গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিকও তুলে ধরেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এই সফর। তিনি বাংলাদেশের প্রত্নসম্পদ ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় সহযোগিতামূলক উদ্যোগে কাজ করার আগ্রহের কথাও জানান।

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলের সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ে স্থাপিত স্টারলিংক ইন্টারনেট সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সফর শেষে সোমবার রাষ্ট্রদূতের ঢাকায় ফেরার কথা রয়েছে।

Attr/AHA
আরও পড়ুন