যমুনার দুই পাড়কে সেতুবন্ধনে যুক্ত করার দাবি নিয়ে পায়ে হেঁটে একের পর এক জেলা পাড়ি দিচ্ছেন বাবা-ছেলে। গাইবান্ধার ফুলছড়ির বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে ১৬ আগস্ট থেকে পদযাত্রা শুরু করেছেন অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান।
‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই পদযাত্রায় এরই মধ্যে কয়েকটি জেলা পেরিয়ে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছান তাঁরা। রাতটি জেলা সার্কিট হাউসে কাটানোর পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বাবা-ছেলে। সেতুটি নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সে বিষয়গুলোও মানুষের কাছে তুলে ধরছেন তাঁরা।
তাঁদের সঙ্গে কথা বলে অনেক স্থানীয় বাসিন্দাই সেতু নির্মাণের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও সরকারি চাকরিজীবী মো. আলাউদ্দিন বলেন, ‘তাঁদের দাবি যৌক্তিক। দেশের মানুষের কাছে দাবিটি পৌঁছে দিতে বাবা-ছেলে যে দীর্ঘ পথ হেঁটে অতিক্রম করছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
পদযাত্রার আয়োজক সাদেক আলী সরদার জানান, এবার তাঁদের যাত্রাপথ বেশ দীর্ঘ। গাইবান্ধা থেকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরা স্থলবন্দর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও ফরিদপুর হয়ে ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
শুধু এবারই নয়, বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে দীর্ঘদিন ধরে পদযাত্রা করে আসছেন সাদেক আলী সরদার। তিনি জানান, এর আগে বিভিন্ন দাবিতে ৭৪টি পদযাত্রা করেছেন তাঁরা। সব মিলিয়ে হেঁটেছেন ৩ হাজার ২৭৩ কিলোমিটার পথ। বাল্যবিবাহ বন্ধসহ সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নানা দাবি এসব পদযাত্রায় তুলে ধরেছেন। এবারের কর্মসূচিকে তিনি তাঁদের ৭৫তম মিশন হিসেবে উল্লেখ করেছেন।
সাদেক আলী সরদার বলেন, ‘বালাসী ঘাটে সেতু নির্মাণ গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। আমরা মানুষের কাছে এই দাবির গুরুত্ব তুলে ধরতে হেঁটে বিভিন্ন জেলা ঘুরছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন ও একাত্মতা তৈরি করতে চাই।’
সাদেক আলী সরদার প্যারা কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর জীবনে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক দাবিতে তাঁর পদযাত্রা ইতিমধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এবার ছেলেকে সঙ্গে নিয়ে যমুনার ওপর সেতু নির্মাণের দাবিকে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন
পদ্মা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
৬ কার্যদিবসে নন্দিনী হত্যার রায়, আসামির মৃত্যুদণ্ড