বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের সময় ছরওয়ারের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ছরওয়ারের বিরুদ্ধে ডিজিটাল জালিয়াতির যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে জামায়াত আমিরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। এই ঘটনায় গত বুধবার হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ১৭/১৮/২৫/২৬/২৭ ধারায় একটি মামলা দায়ের করেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬-এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম। মামলায় ছরওয়ার আলমসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসে বেআইনিভাবে প্রবেশ করে ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখান থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়, যা নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশ্লীল এবং জাতিগত সহিংসতা ও ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছিল। তবে ঘটনার পরপরই আইনি পদক্ষেপের মাধ্যমে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হয় জামায়াতের সাইবার টিম।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
জামায়াত আমিরের আইডি হ্যাক করে অপপ্রচার: ইসি ও সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি
