নির্দোষ কেউ হয়রানি হবে না, অপরাধীদের সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম।  দায়িত্ব নিয়েই তিনি জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যারা প্রকৃত অপরাধী তাদের অবশ্যই প্রাপ্য সাজা পেতে হবে, তবে কোনো নির্দোষ ব্যক্তি প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আমিনুল ইসলাম বলেন, ‘এই ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে ন্যায়বিচার নিশ্চিত করতে পারি।’

এর আগে আজ সকালে আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। 

আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত বছরের সেপ্টেম্বরে এ পদে নিয়োগ পেয়েছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হওয়া আমিনুল ইসলাম এখন থেকে ট্রাইব্যুনালের সকল প্রসিকিউশন কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

ন্যায়বিচার ও স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে নতুন চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

FJ
আরও পড়ুন