জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ২ উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই দুই সাবেক উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের প্রসিকিউটররা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ‘অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। বর্তমানে অনুসন্ধান কার্যক্রম চলমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান। ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে তাকে আবারও একই পদে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালে অধ্যাপক হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. মো. মশিউর রহমান। মশিউর রহমান এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ সামনে আসে। আদালতের এই আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দেশের বাইরে যেতে পারবেন না।

DR/SN
আরও পড়ুন