নির্বাচনে কারচুপির অভিযোগে করা মামলার শুনানি আজ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করেছেন জামায়াতে ইসলামী ও বিএনপির ৫ প্রার্থী। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে এই আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-২, ৩ এবং লালমনিরহাট-১, ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী এই মামলাগুলো দায়ের করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এই প্রতিকার চেয়েছেন তারা।

নির্বাচনি অনিয়ম সংক্রান্ত এসব আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে ইতোমধ্যে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চে আজ এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হলেও পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় উল্লেখ করে গেজেট প্রকাশ করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় দুটি আসনের গেজেট এখনও প্রকাশিত হয়নি।

অভিযোগকারী প্রার্থীদের দাবি, ভোট গণনায় অনিয়ম ও কারচুপির মাধ্যমে তাঁদের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের এই শুনানির মাধ্যমে নির্বাচনি ফলাফলে কোনো পরিবর্তন আসে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

DR/SN
আরও পড়ুন