নারীর মরদেহ ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

দেশের হাসপাতালগুলোতে নারী মরদেহের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) সম্পন্ন করতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে হাসপাতালগুলোতে একজন করে নারী ডোম নিয়োগের অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন এই আইনজীবী। সেই আবেদনে ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্র, যেখানে ইসলামসহ সব ধর্মেই নারীর মরদেহ পর্দার অন্তরালে রাখার বিধান রয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও পর-পুরুষের স্পর্শ বা উপস্থিতি মৃত নারীর গোপনীয়তা ও মর্যাদার পরিপন্থী। অতীতে মর্গে পুরুষ ডোম কর্তৃক নারী মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২০২০ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীর সঙ্গে জঘন্য লালসা চরিতার্থ করার অভিযোগে দুই ডোমকে গ্রেপ্তারের নজির রয়েছে। এমনকি আন্তর্জাতিকভাবেও এ ধরনের বিকৃতির প্রমাণ পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনা বা যেকোনো অপমৃত্যুর শিকার নারীর পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে। পুরুষ ডোম দ্বারা ময়নাতদন্তের বিষয়টি তাদের কষ্ট আরও বাড়িয়ে দেয়। আধুনিক সমাজে মৃত্যুর পরও মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার রক্ষা করা জরুরি। বর্তমান যুগে নারীরা সব ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন; তাই মর্গে নারী ডোম নিয়োগ করা হলে তা ধর্মীয় বিধান রক্ষা করবে, মৃত নারীর সম্ভ্রম সুরক্ষিত রাখবে এবং লিঙ্গবৈষম্য দূর করবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত