নিজস্ব প্রতিবেদক : জয়যাত্রা টিভিতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১৫ নভেম্বর) হেলেনা জাহাঙ্গীরের পক্ষে করা আপিল শুনানির পর ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান জামিনের এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য জানfন।
এর আগে গত ২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে হেলেনা জাহাঙ্গীর আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিন আবেদন করেন।
চলতি বছর ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড দেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।
জয়যাত্রা টিভির ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন ২০২১ সালের ২ আগস্ট পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন।

