বায়তুল মোকাররম চত্বরের ইসলামি বইমেলায় আল-কায়েদার প্রয়াত শীর্ষ নেতাদের অনূদিত বই বিক্রির প্রতিবেদন প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. প্রেম হোসেনের করা জিডি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় ওসামা বিন লাদেন ও আয়মান আল-জাওয়াহিরির মতো আন্তর্জাতিক উগ্রপন্থিদের বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের পরদিন ২১ সেপ্টেম্বর রাতে প্রতিষ্ঠানের দাফতরিক ই-মেইল ও সামাজিক মাধ্যমে ১২ ঘণ্টার মধ্যে সংবাদ মুছে ক্ষমা না চাইলে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
কলাবাগান থানার ডিউটি অফিসার মনোজ কান্তি কুরী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হুমকিদাতার পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নড়াইলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই