‘যুগ্মসচিব’ পরিচয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) তদবির করতে গিয়ে ধরা পড়েছেন আলমগীর শিকদার নামে এক ব্যক্তি। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আলমগীর শিকদার মাউশিতে তদবিরের কাজে যান। সেখানে তাকে জিজ্ঞাবাদে পরিচয় ভুয়া প্রমাণিত হলে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে দেওয়া হয়। আলমগীর গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের ইনজিন শিকদারের ছেলে।
মাউশি সূত্র জানায়, সুলতানশাহী কেকানিয়া উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির চার কর্মচারীর নিয়োগের তদবির নিয়ে গত দুই সপ্তাহ আগে মাউশিতে যান আলমগীর শিকদার। এ সময় মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমদের কাছে গিয়ে নিজেকে বিসিএসের ১৩তম ব্যাচের কর্মকর্তা ও এলজিইডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তার ছেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত বলে পরিচয় দেন। তবে তার কথাবার্তায় সন্দেহ হলে মওদুদ আহমদ বুধবার তাকে আবার মাউশিতে ডেকে আনেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে মাউশি কর্তৃপক্ষ।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক বলেন, তিনি একটি তদবির নিয়ে গত কয়েক দিনে তিন-চারবার এসেছেন। তার আচরণে সন্দেহ হলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি: চুয়েটের ভিসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ