দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অনলাইনে এই আবেদন গ্রহণ শুরু হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ১ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত জাতীয় নীতিমালা অনুযায়ী এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। অনুমোদিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা আগামী ২ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ফরম পূরণের সময় নির্দেশাবলি সতর্কতার সাথে অনুসরণ করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়াকরণ ও কলেজ নির্ধারণসহ যাবতীয় কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনোভাবেই নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এছাড়া, ছাত্রছাত্রী ভর্তিসহ যাবতীয় আর্থিক লেনদেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, কোনো প্রার্থীর দেওয়া তথ্য ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে তার আবেদন ও ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় নতুন সময়সূচি ঘোষণা
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল জানবেন যেভাবে
