বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, যে শিক্ষা ব্যবস্থা কেবল বেকারত্ব বাড়ায়, তা আমাদের প্রয়োজন নেই। এর পরিবর্তে কার্যকরী এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং একে বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শিশুদের পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত ও আধুনিক করতে হবে। তাত্ত্বিক শিক্ষার চেয়ে হাতে-কলমে শিক্ষার ওপর আমরা বেশি গুরুত্ব দেব। আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা শিক্ষিত হয়ে বেকার থাকবে না।’

অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘সুশিক্ষা নিশ্চিত করতে না পারলে সমৃদ্ধ দেশ গঠন সম্ভব নয়। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব জায়গায় বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করাই আমাদের লক্ষ্য।’

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই দুই প্রতিনিধি সাফ জানিয়ে দেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর রয়েছে, তার প্রতিটি অংশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে। তারা মনে করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সহজ হবে।

NB/AHA
আরও পড়ুন