জাবি ছাত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতন, অভিযুক্ত পলাতক 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম নামে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুর রশিদের ছেলে। ‎‎ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

‎জানা যায়, মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারী শিক্ষার্থীর হলের (তারামন বিবি)  সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ছাত্রীর মুখে টেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং এক পর্যায়ে তার হাতে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়।

পরবর্তীতে অভিযুক্ত তারিকুল মেডিসিন আনার জন্য ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে নিচে গেলে, ভুক্তভোগী শিক্ষার্থী তখন ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সাহায্য চান। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জাবি মেডিকেল সেন্টার এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎ভুক্তভোগীর সহপাঠী এডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের অমি জানায়, রাতে আনুমানিক ১০টার পর হঠাৎ ফোন পেয়ে শুনি আমার সহপাঠীর ঘটনা, পরে আমি মেডিকেল যাই। তখন বেশ কিছুক্ষণ সেখানে থেকে আমি চলে আসি। যতদূর জানি, আমার অন্যান্য বন্ধুবান্ধব মিলে পরে তাকে নিয়ে গিয়ে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৫/০২/২০২৬ তারিখে মামলা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর বিভাগীয় শিক্ষক ও সহপাঠীরা অভিযুক্ত তারিকুলের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত