বাংলায় এমএ চালুর অনুমোদন পেলো প্রাইম ইউনিভার্সিটি

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৬:১৬ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিউভার্সিটির বাংলা বিভাগে এমএ শ্রেণীতে দুটি প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রোগ্রাম দুটি হলো, এমএ ( ১ বছর) এবং এমএ (২ বছর) মঙ্গলবার (৪ মার্চ) ইউজিসি থেকে ইস্যু করা এক চিঠিতে এই অনুমোদনের তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, Private University Act 2010-এর ধারা ২৪(১) অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রোগ্রাম দুটি পরিচালনার ক্ষেত্রে ইউজিসির নির্ধারিত কয়েকটি শর্ত মেনে চলতে হবে।

শর্ত অনুযায়ী, কোর্সগুলো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসেই পরিচালনা করতে হবে। প্রতিটি প্রোগ্রামের প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার্থীদের জন্য কমিশনের নির্ধারিত ইউনিক রেজিস্ট্রেশন নম্বর গ্রহণ করতে হবে।

এছাড়া, প্রোগ্রামগুলোর নাম পরিবর্তন করে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স হিসেবে পরিচালনা করা যাবে না। GED বা সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ভর্তি গ্রহণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউজিসি আরও জানিয়েছে, শিক্ষক নিয়োগ ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। কোনো শিক্ষককে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলতে হবে।

ইউজিসির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে প্রাইম ইউনিভার্সিটি বাংলা বিভাগের এই দুটি প্রোগ্রাম চালু করতে পারবে।

AHA
আরও পড়ুন