টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রমজানের ছুটির পর থেকে টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীদের যে পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। ইতোমধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত পাঠপরিকল্পনা বা সিলেবাস সময়মতো শেষ করার লক্ষ্যেই এই অতিরিক্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটির কারণে পড়ালেখার যে ধারাবাহিকতা ব্যাহত হয়েছে, তা শনিবারের বিশেষ ক্লাসের মাধ্যমে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। ২৯ মার্চ থেকে শিক্ষার্থীরা পুনরায় নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরবে।

আরও পড়ুন