প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য ৪৬ হাজার ৫৩১ জনের ফল প্রকাশ করতে বলেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আপিল আবেদনের শুনানি শেষে এ রায় দেন। আদালত একই সঙ্গে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল রাখার নির্দেশ দেন।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ও ফলাফল মুক্তিযোদ্ধা কোটার ভিত্তিতে প্রকাশ করা হয়েছিল। পরে কোটা সংক্রান্ত বিষয়ে রিট আবেদন করা হলে বিষয়টি আদালতের বিবেচনায় আসে।

কোটা-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ আদালত সরকারকে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষার জন্য ৪৬ হাজার ৫৩১ জনের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। পাশাপাশি চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল থাকবে এবং রিটকারী ১৫১ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ কার্যকর হবে।

NM/YA
আরও পড়ুন