জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণে ইচ্ছুক অধিভুক্ত কলেজগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে শিক্ষার্থীদের মূল নিবন্ধনের পূর্বে প্রতিটি কলেজকে নিজস্ব বাছাই কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিজস্ব বাছাইয়ের মাধ্যমে একক ইভেন্টের জন্য একজন এবং দলীয় ইভেন্টের জন্য নির্ধারিত সংখ্যক প্রতিযোগী নির্বাচিত করে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোর্টালে তাদের তথ্য নিবন্ধন করতে হবে। সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকারের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ সময়সূচি ও দিকনির্দেশনা:
অনলাইন নিবন্ধন: সাংস্কৃতিক, বিতর্ক ও বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন প্রক্রিয়া ১২ জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
সমসূচি ও ফিক্সচার: ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার তৈরি করা হবে।
সাংস্কৃতিক প্রতিযোগিতা: ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্বের তারিখ পরে জানানো হবে।
ক্রীড়া প্রতিযোগিতা: ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ভেন্যু কলেজের কাজ: জেলা ও বিভাগীয় ভেন্যু হিসেবে নির্বাচিত কলেজগুলোকে আর্থিক বরাদ্দ পাওয়ার সুবিধার্থে ৩০ জুলাইয়ের মধ্যে sports.nu.ac.bd পোর্টালে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে বলা হয়েছে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার একক বিভাগে গান, আবৃত্তি, অভিনয়, নৃত্য, উপস্থিত বক্তৃতা এবং দলীয় বিভাগে গণসংগীত, সৃজনশীল নৃত্য ও বিতর্ক অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিকসের বিভিন্ন স্প্রিন্ট, রিলে, থ্রো ও জাম্প ইভেন্টের পাশাপাশি দাবা, সাঁতার, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ও ভলিবলসহ একাধিক দলীয় ও ব্যক্তিগত খেলা অন্তর্ভুক্ত রয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই আবার পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী
একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি, জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড পেলেন জবি'র কাওছার