ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত আটটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে ভর্তি পরীক্ষা নিয়ে চলতি সপ্তাহেই প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
বুয়েটে ভর্তি পরীক্ষা কবে হবে, কী পদ্ধতিতে হবে, আবেদনের জন্য ন্যূনতম জিপিএ কত লাগবে এবং ভর্তি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসছে কি না এসব বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বুয়েটের ভর্তি সংশ্লিষ্টরা জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ভর্তি প্রক্রিয়ায় এইচএসসি ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুয়েট ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। তবে আগামী বুধবার ভর্তি নিয়ে বৈঠকে বসে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, নির্দিষ্ট জিপিএর শর্ত পূরণকারী শিক্ষার্থীরাই বুয়েটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বোর্ড থেকে ফলাফল সংগ্রহের পর সেই তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে অধ্যাপক কামরুল হাসান বলেন, এবারও আগের মতোই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক আবেদন শেষে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে আসনসংখ্যা বিবেচনায় নেওয়া হবে। তবে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
৩৩ হাজার ৬১৪ প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল
খুবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ