বলিউডের তারকা পরিবারের নতুন প্রজন্মের অনেকেই বড় পর্দায় পা রেখেছেন। অভিনেতা-পরিচালক আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা আরোরার ছেলে আরহান খানকে এতদিন বিভিন্ন বলিউড পার্টি কিংবা সামাজিক অনুষ্ঠানে দেখা গেলেও এবার তার পরিচয় হতে যাচ্ছে আরও বড় পরিসরে।
শিগগিরই বলিউডের সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হতে চলেছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরহানকে দেখা যাবে একজন অ্যাকশন নায়কের চরিত্রে।
সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ আইয়ার। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’।
নতুন সিনেমাটির চিত্রনাট্যের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
এর আগে ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের বলিউড অভিষেক প্রসঙ্গে কথা বলেছিলেন আরবাজ খান।
তিনি জানিয়েছিলেন, আরহানের জন্য কোনো ভালো চিত্রনাট্য এলে সে বিষয়টি বিবেচনা করতে পারে।
আরবাজের ভাষায়, দেশে অনেক চলচ্চিত্র নির্মাতা রয়েছেন, যারা নতুন প্রতিভা ও নতুন মুখের সন্ধানে থাকেন। তাই আরহানের জন্য কারও কাছে কোনো প্রস্তাব থাকলে সেটি সে বিবেচনা করতে পারে।
তিনি আরও বলেছিলেন, তার নিজের কাছে কোনো উপযুক্ত কাজ থাকলে আজ হোক বা কাল, ছেলেকে অবশ্যই প্রস্তাব দেবেন। তবে শেষ সিদ্ধান্তটা আরহানকেই নিতে দেবেন।
অভিনয়ে আসার আগে অবশ্য নিজের মতো করে বিনোদন দুনিয়ায় জায়গা তৈরি করার চেষ্টা করেছেন আরহান। কিছুদিন আগে বন্ধু দেব ও আরুশকে সঙ্গে নিয়ে ‘দম বিরিয়ানি’ নামে একটি পডকাস্ট শুরু করেন তিনি। সেখানে বিভিন্ন বিষয়ে আড্ডার পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নিতেন।
আরহানের বাবা আরবাজ খানও দীর্ঘদিন ধরে বলিউডের সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে ‘দারার’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘ফির প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘মা তুঝে সালাম’, ‘ইয়ে মোহাব্বত হ্যায়’, ‘সোচ’ ও ‘কুছ না কহো’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
শুধু অভিনয় নয়, পরিচালনাতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আরবাজ। সালমান খান অভিনীত ‘দাবাং ২’ সিনেমাটি পরিচালনা করেছেন তিনি।
অন্যদিকে আরহানের মা মালাইকা আরোরাও বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বিশেষ করে বিভিন্ন জনপ্রিয় গানে তার নাচ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘ছাইয়া ছাইয়া’, ‘কাল ধামাল’, ‘হোঁঠ রসিলে’ ও ‘মুন্নি বদনাম’-এর মতো গানে তার পারফরম্যান্স আজও আলোচিত।
আরবাজ ও মালাইকার বিবাহবিচ্ছেদের পর দু’জনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। আরবাজ বিয়ে করেছেন শুরা খানকে। অন্যদিকে মালাইকার সঙ্গে অভিনেতা অর্জুন কাপুরের দীর্ঘদিনের সম্পর্কও পরে ভেঙে যায়।
টিজারেই চমকে দিলো ‘আন্ধার’
ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতি