ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটালেন চিত্রনায়িকা শবনম বুবলী। সাফ জানিয়ে দিলেন, শাকিব খানের সঙ্গে তাঁর এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। ফলে নতুন করে তাঁর বিয়ের পিঁড়িতে বসার প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাঁর কাছে জানতে চান—তিনি কবে আবার বিয়ে করছেন? জবাবে বুবলী সরাসরি বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’
সম্প্রতি শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটি যাঁর যাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’ তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি যুক্তি দেন যে, বৈবাহিক অবস্থার ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা হয়। এখানে ‘অতীত’ বলে কোনো শব্দ ব্যবহারের সুযোগ নেই।
শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই নায়িকা জানান, দীর্ঘদিনের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অভিমান হওয়া স্বাভাবিক। তিনি বলেন, ‘আমাদের মধ্যে অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। তবে আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।’
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু শাকিব খানের সঙ্গে তাঁর সংসারের বর্তমান অবস্থাই নয়, বরং নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন। তাঁর এই মন্তব্য এখন টলিউড ও ঢালিউড পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
