মাদককাণ্ডের খবরকে ‘ভিত্তিহীন’ দাবি মেহজাবীনের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া মাদক সংক্রান্ত অভিযোগের কড়া জবাব দিয়েছেন তিনি। বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ করে এই অভিনেত্রী ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে মেহজাবীন জানান, মাদক সংক্রান্ত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। এমনকি তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ আটকানো কিংবা তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, তার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ছড়িয়ে পড়া সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে মেহজাবীন লেখেন, ‘এ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ কি কেউ দেখাতে পেরেছে? একটি প্রমাণও উপস্থাপন করা হয়নি।’ কেবল 'ক্লিকবেইট' বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং শিল্পীর সম্মানের ওপর আঘাত হিসেবে মন্তব্য করেছেন তিনি।

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকা ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীনের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে এমন একটি পুরনো অভিযোগকে কেন্দ্র করে নতুন করে তোলপাড় শুরু হয়। ওই সময় তার সঙ্গে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলে সংবাদে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়েছিল, বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দিয়েছে। তবে মেহজাবীন এই পুরো ঘটনাটিকেই 'অমূলক' বলে উড়িয়ে দিয়েছেন।

অভিনেত্রী জানান, মিথ্যা তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। সাইবার অপরাধ ও মানহানির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন।

NB/AHA
আরও পড়ুন