এআই থেকে নিজের কণ্ঠ ও চেহারা রক্ষায় আইনি পথে টেইলর সুইফট

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কারের এই যুগে নিজের পরিচয় ও সৃজনশীলতা রক্ষায় কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। নিজের কণ্ঠস্বর এবং মঞ্চের সুনির্দিষ্ট একটি দৃশ্যমান অবয়বকে ‘ট্রেডমার্ক’ হিসেবে নিবন্ধিত করতে আইনি লড়াই শুরু করেছেন তিনি। মূলত এআই-এর মাধ্যমে তার কণ্ঠ ও চেহারা নকল করে তৈরি করা কনটেন্টের অপব্যবহার রুখতেই এই নজিরবিহীন পদক্ষেপ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’-র প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ এপ্রিল সুইফটের প্রতিষ্ঠান ‘টিএএস রাইটস ম্যানেজমেন্ট’ যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে তিনটি পৃথক আবেদন জমা দিয়েছে। এর মধ্যে দুটি আবেদন তার কণ্ঠস্বর সম্পর্কিত যেখানে ‘হেই, ইটস টেইলর সুইফট’ এবং ‘হেই, ইটস টেইলর’ এই দুটি নির্দিষ্ট বাক্যকে ট্রেডমার্ক করার কথা বলা হয়েছে। তৃতীয় আবেদনটি একটি ভিজ্যুয়াল বা দৃশ্যমান ট্রেডমার্কের জন্য, যেখানে তাকে ঝলমলে পোশাকে ও হাতে একটি গোলাপি গিটার নিয়ে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়।

আইনজীবীদের মতে, এআই প্রযুক্তির কারণে এখন যে কারো কণ্ঠ বা চেহারা নিঁখুতভাবে নকল করা সম্ভব। টেইলর সুইফট নিজেও এর তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন। এর আগে মেটা-র এআই চ্যাটবটে তার কণ্ঠের অননুমোদিত ব্যবহার দেখা গেছে এবং অনলাইনে তার নামে কুরুচিপূর্ণ এআই ছবিও ছড়িয়েছে। এমনকি ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা কিছু এআই ছবিতে ভুলভাবে দেখানো হয়েছিল যে সুইফট তাকে সমর্থন করছেন। এসব জালিয়াতি ঠেকাতেই তিনি ট্রেডমার্কের আশ্রয় নিচ্ছেন।

সাধারণত ‘রাইট অব পাবলিসিটি’ আইনের মাধ্যমে কোনো তারকার ছবির বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। তবে ট্রেডমার্ক আইনের একটি বড় সুবিধা হলো এর আওতায় করা মামলাগুলো সরাসরি ফেডারেল আদালতে তোলা যায় এবং তা পুরো আমেরিকায় সমানভাবে কার্যকর হয়। ফলে এআই প্রযুক্তি ব্যবহার করে যারা নকল কনটেন্ট তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অনেক সহজ হবে।

সুইফটই প্রথম নন, এর আগে ২০২৫ সালে হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাককনাঘেও একইভাবে নিজের কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গির জন্য ট্রেডমার্ক সুরক্ষা লাভ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সুইফটের এই পদক্ষেপ বিনোদন জগতের অন্য তারকাদের জন্যও তাঁদের ব্যক্তিগত ও ডিজিটাল পরিচয় সুরক্ষায় একটি শক্তিশালী উদাহরণ হয়ে থাকবে।

NB
আরও পড়ুন