দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে এসেই চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পায় তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’। শুরুটাও হয়েছে ভালো আয় দিয়ে; মুক্তির প্রথম দুই দিনেভারতের বাজারে ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।
‘মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল। সেই তুলনায় সিরিজের তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
এদিক, বক্স অফিসে সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার টু’-এর দাপট থাকা সত্ত্বেও নিজের জায়গা ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। উল্লেখ্য, ‘বর্ডার টু’ মুক্তির মাত্র নয় দিনে ২৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে। বড় বাজেটের যুদ্ধভিত্তিক সিনেমার ভিড়েও রানীর সামাজিক প্রেক্ষাপটের থ্রিলারটি দর্শকদের টানতে সক্ষম হচ্ছে।

