বছর কয়েকের মধ্যে ছোটপর্দায় জায়গা করে নিয়েছিলেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তাও দিচ্ছিল উঁকিঝুঁকি। সব মিলিয়ে সম্ভাবনাময়ী ভবিষ্যতের হাতছানি! ঠিক সেসময় সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে অভিনয় ছাড়লেন অভিনেত্রী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শোবিজ থেকে সরে যাওয়ার ঘোষণা এবং তার কারণ জানান। মাঝরাতে নিজের ওই পোস্টে নওবা লেখেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’
এরপর লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’
নওবার কথায়, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’
সবশেষে এ অভিনেত্রী লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’
ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

